সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর-সংশ্লিষ্ট একটি স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি আমিরাত কর্তৃপক্ষ।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পর জেবেল আলি এলাকার রাতের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।
আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, অল্প সময়ের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণের উৎস বা প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, নাসার উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর স্থাপনায় আগুনের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটির গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তবে জেবেল আলির বিস্ফোরণের সঙ্গে আঞ্চলিক সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


