Homeখেলাবসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ স্কোয়াশ প্রতিযোগিতা ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রমোটার ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.) এবং বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাসিনুল করিম (অব.)।

পাঁচ দিনব্যাপী এ আন্তর্জাতিক আসরে স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ অ্যাথলেট অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিশর, জাপান ও জার্মানি।

পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ)-এর নিয়ম ও নির্ধারিত ড্র সাইজ অনুযায়ী মূল পর্বের জন্য বিশ্বের ১৭টি দেশের ৮৪ জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্য থেকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের বাছাই করা হয়েছে।

এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ স্কোয়াশ খেলোয়াড় আমিনুল (বিশ্ব র‍্যাঙ্কিং ৬৯৬), সাইমন (৭৭৫) ও পারভেজ (৮৭৫)।

আন্তর্জাতিক প্রতিযোগীদের মধ্যে মিশরের মো. গহর (বিশ্ব র‍্যাঙ্কিং ৯১), জাপানের নওকি হারিস (১১৭) ও রভিন্দ্র লক্ষীশ্র (১৪৮), সিঙ্গাপুরের জেরোম আও (১৮৫) এবং বাহরাইনের ইউসুফ থানি (২২৪) উল্লেখযোগ্য। তাঁদের অংশগ্রহণ প্রতিযোগিতার মান ও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়েছে।

আয়োজকদের দাবি, গত ছয় বছরে বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও ধারাবাহিক ও পরিকল্পিত উদ্যোগের ফলে বাংলাদেশে স্কোয়াশের পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘ক্লাসরুম স্কোয়াশ’ ও ‘স্কোয়াশ শিক্ষা বৃত্তি’র মতো তৃণমূলভিত্তিক কর্মসূচির মাধ্যমে খেলাটিকে অভিজাত পরিসর থেকে বের করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা মনে করছেন, আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা বাংলাদেশকে বিশ্ব স্কোয়াশ অঙ্গনে আরও দৃশ্যমান করার পাশাপাশি দেশকে একটি সম্ভাবনাময় ‘স্কোয়াশ ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঁচ দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২৮ আগস্ট।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য