Homeদৈনিক সংবাদস্থানীয়ফরিদপুরে অটোভ্যান চালক কিশোর সাকিবুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ আটক...

ফরিদপুরে অটোভ্যান চালক কিশোর সাকিবুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ আটক ২

পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদ থেকে উদ্ধার হওয়া ১৩ বছর বয়সী অটোভ্যান চালক কিশোর সাকিবুল হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দীঘুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়। একই সঙ্গে জেনে-শুনে ছিনতাইকৃত ভ্যানটি কেনার অপরাধে মোক্তার হোসেন নামের অপর এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশি তদন্তে প্রকাশ পায়, গত রোববার দুপুরে অভিযুক্ত ইমন যাত্রী সেজে কিশোর সাকিবুলের অটোভ্যানে ওঠে। ডেমরা ইউনিয়নের মাজার সংলগ্ন বড়াল নদের তীরে পৌঁছালে সুযোগ বুঝে ইমন একটি কাঠের টুকরো দিয়ে সাকিবুলের মাথায় সজোরে আঘাত করে। সাকিবুল রক্তাক্ত হয়ে গড়িয়ে পড়লে তাকে নদের পানিতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে চম্পট দেয় সে।

পরবর্তীতে ওই দিন বিকেলেই স্থানীয় বাসিন্দারা নদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই নিহত সাকিবুলের বাবা হারিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমন যাত্রীবেশে চড়ে কিশোর সাকিবুলকে হত্যা ও অটোভ্যান ছিনতাইয়ের দায় স্বীকার করেছে। তার সরাসরি নির্দেশনায় উপজেলার ধানুয়াঘাটা বাজার থেকে ছিনতাইকৃত অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। আটককৃত ইমন মূলত সিরাজগঞ্জের উল্লাপাড়ার অধিবাসী হলেও বর্তমানে ফরিদপুরের দীঘুলিয়ায় বসবাস করছিল। মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হচ্ছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য