Homeদৈনিক সংবাদস্থানীয়চার বছরেও মেলেনি সমাধান: মর্গ-হিমঘর সংকটে পাবনায় লাশ নিয়ে চরম ভোগান্তি

চার বছরেও মেলেনি সমাধান: মর্গ-হিমঘর সংকটে পাবনায় লাশ নিয়ে চরম ভোগান্তি

প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের পাবনা জেলায় লাশ সংরক্ষণ ও ময়নাতদন্তের আধুনিক কোনো ব্যবস্থা না থাকায় স্বজন হারানোর পর চরম অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে ২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক মর্গ ও হিমঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও চার বছর ধরে প্রকল্পটির কাজ আটকে আছে।

হাসপাতাল ও গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৬ মাস মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হয়ে দ্রুতগতির সঙ্গে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছিল। তবে ভবনের অবস্থান নিয়ে স্থানীয় কিছু মানুষের আপত্তির কারণে বিষয়টি আদালতে গড়ায়। ২০২২ সালের ডিসেম্বরে হাইকোর্ট দুই মাসের স্থগিতাদেশ দেওয়ার পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আইনি জটিলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় প্রকল্পের নির্ধারিত মেয়াদ পার হয়ে গেলেও ৮০ শতাংশ নির্মিত ভবনটি অচল হয়ে পড়ে আছে।

আধুনিক সুযোগ-সুবিধার অভাবে পাবনা জেনারেল হাসপাতালের পরিত্যক্ত একটি মোটরসাইকেল গ্যারেজের সংকীর্ণ কক্ষে বর্তমানে ময়নাতদন্তের কাজ চালানো হচ্ছে। এক শয্যার এই লাশঘরে ধারণক্ষমতা না থাকায় লাশ মেঝেই ফেলে রাখতে হয়। মর্গম্যান দেবচন্দ্র দাস জানান, পর্যাপ্ত ব্যবস্থার অভাবে একটি লাশের কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য লাশ নিয়ে স্বজনদের দীর্ঘ সময় সিরিয়ালে অপেক্ষা করতে হয়। কোনো প্রবাসী স্বজনের শেষ দেখার সুযোগ বা অজ্ঞাত পরিচয় লাশ সংরক্ষণের প্রযুক্তি না থাকায় অনেক পরিচয়হীন লাশ শনাক্তের আগেই দ্রুত দাফন করে দিতে হচ্ছে।

সংকট নিরসনে পুলিশ প্রশাসন নিজেদের উদ্যোগে ৫টি থানায় ছোট আকারের শীতাতপ নিয়ন্ত্রিত লাশঘর তৈরি করলেও লাশের সংখ্যা বাড়লে বিপাকে পড়তে হয় বলে জানান পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহিদুল ইসলাম জানান, আধুনিক মর্গ চালু হলে সঠিক আলো ও আধুনিক সরঞ্জামের মাধ্যমে নিখুঁত ফরেনসিক রিপোর্ট তৈরি এবং নমুনা সংরক্ষণ অনেক সহজ ও নিরাপদ হতো।

প্রকল্পের বর্তমান অবস্থা ও নতুন দরপত্র আহ্বানের বিষয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আইনি ও প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিক এই মর্গটির বাকি কাজ সম্পন্ন করার কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য