Homeদৈনিক সংবাদজাতীয়তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ (তিতাস-২৮) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ শনিবার থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস যুক্ত হওয়া শুরু হলো। দুপুরে কূপটি থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্বালানি সচিব জিয়াউল হক এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল জলিল প্রামাণিকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, উচ্চ মূল্যে এলএনজি আমদানির ওপর দীর্ঘকাল নির্ভর করে থাকা অসম্ভব। তাই দেশীয় কূপ থেকে উত্তোলন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিতাস-২৮ থেকে প্রাপ্ত নতুন গ্যাস শিল্প-কারখানার স্থবিরতা দূর করার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা বাড়াবে।

তিনি জানান, সরকার ২০৩০ সালের মধ্যে ১৫০টি এবং ২০৩৫ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে ৩১টি কূপের খনন সম্পন্ন হয়েছে এবং তিতাস-২৯, ৩০ ও ৩১ নম্বর কূপসহ একাধিক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে অন্যান্য কূপের খনন শেষে গ্রিডে দৈনিক অতিরিক্ত ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে।

উল্লেখ্য, প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার ফুট গভীরতার তিতাস-২৮ কূপটির খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়। পরীক্ষামূলক সরবরাহ চলাকালে ইতিমধ্যে ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য