Homeদৈনিক সংবাদস্থানীয়বড়াল নদে মিলল নিখোঁজ কিশোরের লাশ, ভ্যানের সন্ধান মেলেনি

বড়াল নদে মিলল নিখোঁজ কিশোরের লাশ, ভ্যানের সন্ধান মেলেনি

পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদ থেকে সাকিবুল (১৩) নামের এক অটোভ্যানচালক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের পার্শ্ববর্তী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিবুল উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই কিশোর সাকিবুলকে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করার পর লাশ নদীতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো নিজের অটোভ্যানটি নিয়ে ভাড়ায় যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিবুল। দুপুরের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। একপর্যায়ে মাজাট গ্রামের উত্তরে বড়াল নদে একটি নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ফরিদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি ডাঙায় তোলে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি নিখোঁজ সাকিবুলের বলে শনাক্ত করেন। তবে হত্যাকাণ্ডের পর থেকে নিহতের অটোভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও অটোভ্যানটি উদ্ধারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য