Homeখেলাজয় পেল সান্তোস, বিতর্কে আবারও নেইমার

জয় পেল সান্তোস, বিতর্কে আবারও নেইমার

কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস। তবে দলের জয় যতটা আলোচনায় এসেছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তারকা ফরোয়ার্ড নেইমারের ম্যাচ-পরবর্তী আচরণ নিয়ে। প্রতিপক্ষ রেমোকে ১-০ গোলে হারানোর পর প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে বাক্যবিনিময় এবং অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

বুধবার মাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বদলি বেঞ্চে ছিলেন নেইমার। বিরতির পর মাঠে নামার পরও রেমোর সমর্থকদের বিদ্রূপ ও দুয়োর মুখে পড়তে হয় তাকে। তবে মাঠের খেলায় তার প্রভাব স্পষ্ট ছিল। নেইমারের দারুণ এক পাস থেকেই জয়সূচক গোলটি করেন রনি রুস্তিকো, যা সান্তোসকে শেষ আটে পৌঁছে দেয়।

তবে ম্যাচ শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রেসিংরুমে ফেরার পথে প্রতিপক্ষের সমর্থকদের উসকানির জবাবে নেইমার কয়েকবার ‘বিদায় নিয়েছো’ বলে চিৎকার করেন। পাশাপাশি বিভিন্ন অঙ্গভঙ্গি, বিদ্রূপাত্মক নাচ এবং জিহ্বা বের করে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে প্রতিক্রিয়া জানান।

এর জেরে করিডোর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রেমোর কয়েকজন সমর্থক ও কর্মকর্তা নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন সান্তোসের নিরাপত্তাকর্মীরা।

ঘটনার পর নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা (তোনিয়াও)। এক ভিডিও বার্তায় তিনি বলেন, একজন আন্তর্জাতিক তারকা এবং বহু শিশুর আদর্শ হিসেবে নেইমারের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল। তার মতে, ম্যাচ শেষে এমন আচরণ পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উত্তপ্ত করেছে।

অন্যদিকে, সান্তোস বা নেইমারের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মাঠে জয়ের নায়ক হিসেবে অবদান রাখলেও ম্যাচ-পরবর্তী আচরণের কারণে নেইমারের ক্যারিয়ারে আরও একটি বিতর্কিত অধ্যায় যুক্ত হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments