দেশের ক্রিকেট মাঠের পিচ প্রস্তুতকারীদের দক্ষতা উন্নয়নে প্রথমবারের মতো আনুষ্ঠানিক লেভেল-১ পিচ কিউরেটর সার্টিফিকেশন কর্মশালা আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশীয় কিউরেটরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবির আয়োজনে আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালাটি পরিচালনা করবেন আন্তর্জাতিক কিউরেটর টনি হেমিং। তার তত্ত্বাবধানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রস্তুত হওয়া স্পোর্টিং উইকেট প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যবহৃত উইকেটগুলোর মানোন্নয়নে তার ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।
বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্যসচিব মাজহার উদ্দিন জানান, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এই সার্টিফিকেশন কোর্স চালু করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের এই প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে অন্তত ৩০ জন কিউরেটর অংশ নেবেন।
বিসিবির আশা, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন ভেন্যুতে আন্তর্জাতিক মানের পিচ প্রস্তুত করা আরও সহজ হবে এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


