পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজন পাবনার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত মেনচেভ (৫৩) বর্তমানে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম-এর কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নিলে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত অপর রুশ নাগরিকের চিকিৎসা এখনো চলছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।


