Homeশিক্ষাপ্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রমে নতুন নির্দেশনা, যথাযথ কর্তৃপক্ষ ছাড়া আবেদন গ্রহণ নয়

প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রমে নতুন নির্দেশনা, যথাযথ কর্তৃপক্ষ ছাড়া আবেদন গ্রহণ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে বলা হয়েছে, বদলি-সংক্রান্ত আবেদন অবশ্যই নির্ধারিত প্রশাসনিক স্তর অনুসরণ করে দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো না হলে জাতীয় কমিটি কোনো আবেদন গ্রহণ করবে না।

সোমবার জারি করা এক নির্দেশনায় অধিদপ্তর জানায়, শিক্ষক বদলি কার্যক্রম পর্যালোচনার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয়—এই চারটি পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তবে দেখা যাচ্ছে, নিম্নস্তরের কমিটিতে নিষ্পত্তিযোগ্য অনেক আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে পাঠানো হচ্ছে, যা নির্ধারিত প্রক্রিয়ার পরিপন্থী।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে যে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় অনেক শিক্ষক বাধ্য হয়ে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করছেন। এর ফলে বদলি কার্যক্রমে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিকে তাদের নিজ নিজ এখতিয়ারের আওতাভুক্ত সব আবেদন গ্রহণ করে বিধি অনুযায়ী দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় কমিটির এখতিয়ারভুক্ত আবেদনও নির্ধারিত প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে। যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ ছাড়া সরাসরি জাতীয় কমিটির কাছে পাঠানো কোনো আবেদন বিবেচনা করা হবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনাটি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments