দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে প্রেস সচিব বলেন, দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিএনপির মূল নেতৃত্বের ঘোষিত অঙ্গীকার ও রূপরেখা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে সালেহ শিবলী বলেন, রাজনীতিতে মত ও আদর্শের ভিন্নতা স্বাভাবিক। তবে ব্যক্তিগত বা দলীয় মতপার্থক্য যেন দল ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের ঊর্ধ্বে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ফরিদগঞ্জে দলীয় অভ্যন্তরীণ মতবিরোধের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিভেদ সাময়িক এবং খুব শিগগিরই তা নিরসন হবে। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, দলের কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীরাই শক্তি ও সাহস নিয়ে পাশে ছিলেন। সাময়িক মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত দলীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবেন।
তিনি আরও বলেন, দল ও দেশের জন্য সামনে একটি ইতিবাচক সময় অপেক্ষা করছে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


