অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপ অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে নিজের রাইড শেয়ারিং করে উপার্জিত অর্থ দিয়ে ওই শিক্ষার্থীর ফর্ম ফিলাপের পুরো খরচ বহন করে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাবির ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক। কয়েক বছর আগে বাবাকে হারানোর পর পরিবারের আর্থিক সংকট আরও প্রকট হয়ে ওঠে। সম্প্রতি কোনো টিউশনি না থাকায় তার আয়ের পথও বন্ধ হয়ে যায়। ফলে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের প্রয়োজনীয় অর্থ জোগাড় করা নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়েন।
শিক্ষার্থীর আর্থিক সংকটের বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক। কোনো আনুষ্ঠানিকতা বা প্রচারের উদ্যোগ না নিয়ে নিজের রাইড শেয়ারিং থেকে উপার্জিত অর্থ দিয়ে শিক্ষার্থীর ফর্ম ফিলাপের সম্পূর্ণ টাকা পরিশোধ করেন তিনি।
এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, “অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথে থেমে যাক, তা আমি কখনো চাই না। নিজেও অনেক সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছি। তাই সামর্থ্য অনুযায়ী সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ছোট ভাইটির সংকটের কথা জানার পর মনে হয়েছে, তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।”
তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, রাজনীতি শুধু পদ-পদবি কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; সংকটে মানুষের পাশে দাঁড়ানোও রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। অর্থনৈতিক সংকটে থাকা এক শিক্ষার্থীর শিক্ষাজীবন চালিয়ে যেতে সহায়তা করে তারিক সেই মানবিক দায়িত্বেরই উদাহরণ তৈরি করেছেন।


