বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং তদবির নিরুৎসাহিত করতে গণপূর্ত অধিদপ্তরের আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের প্রকৌশলীদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়।
লটারির ফল অনুযায়ী ঢাকা বিভাগে ১১৯ জন, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ২৭ জন করে, খুলনা বিভাগে ২৭ জন, বরিশালে ১৩ জন, সিলেটে ৮ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
বদলি-পদায়ন কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক বদলি ব্যবস্থা অধিদপ্তরে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বদলি-পদায়ন প্রক্রিয়ায় ব্যক্তিগত তদবিরের সুযোগ কমবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেনও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লটারিভিত্তিক পদ্ধতি বদলি ও পদায়নে দীর্ঘদিনের অনিয়ম ও তদবির সংস্কৃতি কমাতে সহায়ক হবে এবং অধিদপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, মো. আবু নাছেরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-কে লটারির মাধ্যমে বদলি করা হয়।


