বন্যাকবলিত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন—এ সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি সরকারি উদ্যোগে পুনর্নির্মিত নতুন ঘর গৃহহারা পরিবারের কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর।
সফরকে ঘিরে ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত নতুন ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের সময় প্রধানমন্ত্রী এসব পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন। এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় গিয়ে সমাবেশে যোগ দেবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য তাকে ও দলের সদস্যসচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি হাতে পেলেই সেই অনুযায়ী বাকি প্রস্তুতি সম্পন্ন করা হবে।


