দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। পরিস্থিতি মোকাবিলায় বাজার তদারকি জোরদারসহ সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির আমির আল্লামা আব্দুল কাইয়ূম সোবহানী এবং মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।
বিবৃতিতে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে গিয়ে সাধারণ মানুষ চরম চাপের মুখে পড়েছেন।
নেতৃদ্বয় অভিযোগ করেন, বাজারে কার্যকর নজরদারির অভাব, অসাধু সিন্ডিকেট এবং অতিমুনাফালোভী ব্যবসায়ীদের কারণে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছেন না। এসব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
নেজামে ইসলাম পার্টি সরকারের প্রতি বাজার তদারকি জোরদার, মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে দলটি আশা প্রকাশ করে, জনদুর্ভোগ কমাতে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


