Homeমিরসরাইয়ে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব এবং ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি ছিলেন। অপরদিকে জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুইজন মোটরসাইকেলে করে বারইয়ারহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, নিহতরা মসজিদ-সংশ্লিষ্ট একটি কাজের বিষয়ে তার সঙ্গে দেখা করতে আসার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন জানান, ইমামদের সরকারি ভাতাসংক্রান্ত একটি বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে জয়নাল আবেদিন ও জহির উদ্দিন মোটরসাইকেলে বারইয়ারহাট যাচ্ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments