পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল দুধ তৈরির কাঁচামাল ও রাসায়নিক জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার সিংগাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযানে দণ্ডিত হন ওই গ্রামের নুর ইসলামের ছেলে আশরাফুল আলী (৪২)।
অভিযান চলাকালে তিন ড্রাম জেলি, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং নকল দুধ তৈরির অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, আশরাফুল আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একটি অবৈধ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করে নকল দুধ তৈরি করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি এসব দুধ বিভিন্ন কোম্পানির দুধ সংগ্রহকেন্দ্রে সরবরাহ করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজা ঘোষণার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


