পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনের ভিত্তি একদিনে তৈরি হয়নি; এটি ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফল। তিনি বলেন, ছাত্র, শিক্ষক, কবি-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী শিক্ষার্থীরা জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মতপার্থক্যকে সংঘাত নয়, বরং গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণ করতে হবে। গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে আপস না করার আহ্বান জানান এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ আহমেদ জীবন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহীদুল আলম।


