বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ৭(১) ধারা অনুযায়ী ড. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. সাব্বির মোস্তফা খান বর্তমানে বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং (পানিসম্পদ কৌশল) বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পানি সম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং প্রকৌশল গবেষণায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
পেশাগত জীবনে তিনি পদ্মা সেতুর সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ দেশের অর্ধশতাধিক জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
শিক্ষকতা ও প্রকৌশল গবেষণার পাশাপাশি তিনি বর্তমানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সরকারের এ নিয়োগের মাধ্যমে রাজধানীর পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ওয়াসার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


