Homeদৈনিক সংবাদজাতীয়‘পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে সততা, জবাবদিহি এবং পেশাগত শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

তিনি জানান, পুলিশ বাহিনীর মনোবল পুনর্গঠন এবং এটিকে একটি দক্ষ, আধুনিক ও জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রূপ দিতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারসহ একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব উদ্যোগের অংশ হিসেবে পুরস্কার ও জবাবদিহিমূলক শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সাহসিকতা, পেশাগত দক্ষতা ও প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো কার্যকরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মধ্যে নিরাপত্তা, শান্তি ও আস্থা ফিরিয়ে আনা। এ লক্ষ্য অর্জনে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময় অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই পরিস্থিতি থেকে বাহিনীকে বের করে এনে একটি পেশাদার, দক্ষ ও জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments