Homeদৈনিক সংবাদস্থানীয়ভাঙ্গুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রাসেলসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ভাঙ্গুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রাসেলসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এবং তাঁর অন্যতম সহযোগী বশির আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলায় যৌথ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁদের আইনের আওতায় আনা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ডিবির একটি বিশেষ দল ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গোলাম হাসনাইন রাসেল পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের জ্যেষ্ঠ পুত্র। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং স্থানীয় ‘এপিক প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী।

স্থানীয়দের অভিযোগ, বিগত ১৬ বছর ধরে রাসেল ও তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিলসহ একটি প্রভাবশালী চক্র এলাকায় একচ্ছত্র প্রভাব ও ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। ক্ষমতার দাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর একাধিক গায়েবি ও রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হতো। এমনকি দলের অভ্যন্তরীণ কোন্দল তৈরি করে নিজ দলের ত্যাগী অংশকেও কোণঠাসা করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

তাছাড়া ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটি কোটি টাকার নিয়োগ-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের জোরালো অভিযোগও রয়েছে রাসেলের বিরুদ্ধে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তাঁরা আত্মগোপনে ছিলেন।
ঘটনার বিষয়ে পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তারের পর আসামিদের পাবনা ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে তাঁদের পাবনা বিচারিক আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও নিশ্চিত করেন, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য