Homeআজ প্রকাশ হবে আগামী তিন মাসের আবহাওয়া ও বন্যার দীর্ঘমেয়াদি পূর্বাভাস

আজ প্রকাশ হবে আগামী তিন মাসের আবহাওয়া ও বন্যার দীর্ঘমেয়াদি পূর্বাভাস

আগামী তিন মাসে দেশের আবহাওয়া ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি কেমন হতে পারে, তার দীর্ঘমেয়াদি পূর্বাভাস আজ (রোববার) প্রকাশ করবে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গত জুলাই মাসে দেশের আবহাওয়ার সার্বিক চিত্র এবং বৃষ্টিপাতের পরিসংখ্যানও তুলে ধরা হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ২টায় দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি, জলবায়ুগত প্রবণতা এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আগামী আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আবহাওয়া এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস প্রকাশ করা হবে।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও পৃথক বৈঠকের মাধ্যমে দেশের নদ-নদীর পরিস্থিতি এবং সম্ভাব্য বন্যা নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বর্ষা মৌসুম চলমান থাকায় আগস্টজুড়ে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে ৪ থেকে ৫ আগস্টের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে তিনি জানান। দুপুরের সভা শেষে আগামী তিন মাসের বিস্তারিত পূর্বাভাস প্রকাশ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সহকারী প্রকৌশলীও জানান, তাদের সংস্থার সভা শেষে আজই সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে হালনাগাদ দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করা হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। মাসের শুরুতে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে।

আগস্ট মাসের প্রাথমিক পূর্বাভাসেও অতিরিক্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে মৌসুমি বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি টানা ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, গত ১ জুলাই প্রকাশিত জুলাই-সেপ্টেম্বর সময়কালের তিন মাসের পূর্বাভাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই পূর্বাভাস আধুনিক আবহাওয়া প্রযুক্তি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষণ, আবহাওয়ার বিন্যাস এবং জলবায়ু মডেলের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। তবে বাস্তবে জুলাই মাসেই বৃষ্টিপাত সেই পূর্বাভাসকে অতিক্রম করেছে।

সংশ্লিষ্টদের আশা, আজকের সভার পর প্রকাশিত হালনাগাদ পূর্বাভাসে জুলাই মাসের প্রকৃত আবহাওয়ার চিত্রের পাশাপাশি আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বৃষ্টিপাত, মৌসুমি বন্যা এবং সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments