Homeবিজ্ঞান ও প্রযুক্তি৩৩ বিলিয়ন বছর পর ‘বিগ ক্রাঞ্চ’: মহাবিশ্ব ধ্বংসের নতুন সময়সীমা প্রকাশ

৩৩ বিলিয়ন বছর পর ‘বিগ ক্রাঞ্চ’: মহাবিশ্ব ধ্বংসের নতুন সময়সীমা প্রকাশ

বিস্তীর্ণ মহাশূন্যের গ্রহ, নক্ষত্র ও ধূমকেতুর টিকে থাকার মেয়াদ কতকাল—বিজ্ঞান জগতে বহুকাল ধরে চলে আসা এই প্রশ্নের নতুন ও নির্দিষ্ট এক উত্তর প্রকাশ করেছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি ও চীনের সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটির এক যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, আগামী প্রায় ৩৩.৩ বিলিয়ন বছর পর চূড়ান্ত বিনাশ বা ধ্বংসের দিকে ধাবিত হতে পারে এই মহাবিশ্ব।

বিজ্ঞানীদের মতে, ১৩.৮ বিলিয়ন বছর বয়সী এই মহাবিশ্ব চিরকাল ধরে প্রসারিত হবে না। একটি নির্দিষ্ট সীমা অতিক্রমের পর মহাবিশ্বের এই প্রসারণ প্রক্রিয়া থেমে যাবে এবং শুরু হবে বিপরীতমুখী সংকোচন, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘বিগ ক্রাঞ্চ’ (Big Crunch) নামে পরিচিত। গবেষণাটিতে মহাবিশ্বের স্থিতিস্থাপকতাকে একটি প্রসারিত রাবার ব্যান্ডের সাথে তুলনা করা হয়েছে। মহাবিশ্বের প্রায় ৭০ শতাংশ অংশজুড়ে থাকা রহস্যময় ‘ডার্ক এনার্জি’ (Dark Energy) এতদিন প্রসারণের মূল চালিকাশক্তি হলেও এটি অপরিবর্তনশীল নয়। নতুন গণিতিক মডেল অনুযায়ী, ডার্ক এনার্জির শক্তি সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়বে।

বর্তমানে মহাবিশ্ব যেভাবে প্রসারিত হচ্ছে, তা নিজ আকারের চেয়ে অন্তত ৬৯ শতাংশ বড় হওয়ার পর থেমে যাবে। এরপরই টান টান হওয়া রাবার ব্যান্ডের মতো ভেতরের দিকে দ্রুত সংকুচিত হতে শুরু করবে সবকিছু এবং পরিশেষে একটি একক বিন্দুতে এসে ধ্বংসপ্রাপ্ত হবে—যা মূলত মহাবিশ্ব সৃষ্টির সূচনা ‘বিগ ব্যাং’ (Big Bang) প্রক্রিয়ার ঠিক উল্টো রূপ।

পৃথিবী ও মিল্কিওয়ে গ্যালাক্সির ভবিষ্যৎ
তবে ৩৩.৩ বিলিয়ন বছর পর মহাবিশ্বের এই মহা-সংকোচন বা বিগ ক্রাঞ্চ ঘটলেও, তার অনেক আগেই পৃথিবী ও মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ বিলিয়ন বা ২০০০ কোটি বছরের মধ্যে আমাদের সৌরজগতের কেন্দ্রস্থল সূর্য তার শক্তি হারিয়ে বিলীন হয়ে যাবে। এছাড়া একই সময়সীমার মধ্যে আমাদের নিজস্ব গ্যালাক্সি ‘মিল্কিওয়ে’ তার নিকটবর্তী ‘অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি’র (Andromeda Galaxy) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে। ফলে মহাবিশ্বের চূড়ান্ত ধ্বংসের অনেক আগেই বিলুপ্তি ঘটবে পৃথিবী ও এর পার্শ্ববর্তী গ্রহ-নক্ষত্রের।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য