সায়েন্স ফিকশনের কাল্পনিক ধারণা বাস্তব রূপ নিয়ে প্রযুক্তির জগতে নতুন ইতিহাস গড়েছে চীন। দেশটির খ্যাতনামা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘এক্সপেং’ (XPeng) দাবি করেছে, তারা এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন তৈরি করেছে, যেখানে হিউম্যানয়েড (মানুষের মতো দেখতে) রোবট দিয়ে অন্য হিউম্যানয়েড রোবট তৈরি করা সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি প্রকাশ্যে এনেছেন এক্সপেং-এর প্রধান নির্বাহী হে শিয়াওপেং। তার মতে, এটি বহুমাত্রিক কাজে ব্যবহারযোগ্য আধুনিক হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন কারখানা।
প্রযুক্তিপ্রতিষ্ঠান এক্সপেং জানায়, তাদের সম্পূর্ণ মানববিহীন এই স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়ায় সফলভাবে প্রস্তুত করা প্রথম রোবটটির নাম দেওয়া হয়েছে ‘আয়রন’ (Iron)। চমকপ্রদ তথ্য হলো, চূড়ান্ত সমাবেশ বা ম্যানুফ্যাকচারিং পর্ব শেষে ‘আয়রন’ নিজেই নিজের পায়ে হেঁটে কারখানার ভেতর থেকে বাইরে বের হয়ে আসে।
সাধারণত কারখানায় নির্দিষ্ট কোনো খণ্ড অংশ তৈরির কাজে রোবট ব্যবহার করা হলেও, এক্সপেং-এর এই প্ল্যান্টটিতে এক রোবট দিয়ে অন্য একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ও স্বতন্ত্র হিউম্যানয়েড রোবট বানানোর সক্ষমতা দেখানো হয়েছে। তবে বর্তমানে কারখানায় বার্ষিক বা দৈনিক কতটি রোবট তৈরি সম্ভব, সে সংক্রান্ত সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনো গোপন রেখেছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিশ্ব প্রযুক্তি অঙ্গনে হিউম্যানয়েড রোবট শিল্পের মূল চ্যালেঞ্জ কেবল রোবটকে কথা বলানো বা হাঁটাতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; মূল চ্যালেঞ্জ হলো কম খরচে স্বল্প সময়ে হাজার হাজার রোবট বাণিজ্যিকভাবে বাজারে আনা। ভারী ম্যানুফ্যাকচারিং অটোমেশনের মাধ্যমে তৈরি করায় ‘আয়রন’-এর উৎপাদন ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এক্সপেং-এর শীর্ষ নির্বাহী আশা প্রকাশ করেছেন, আগামী দিনে ‘আয়রন’ ঘরবাড়ির নিত্যদিনের কাজ থেকে শুরু করে শিল্পকারখানার বিপজ্জনক ও একঘেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোতে মানুষের বিকল্প হিসেবে দায়িত্ব সামলাবে।



