Homeদৈনিক সংবাদস্থানীয়ডিকশির বিলে পদ্ম-শাপলার মেলা: প্রকৃতির রূপ দেখতে চাটমোহরে পর্যটকদের ঢল

ডিকশির বিলে পদ্ম-শাপলার মেলা: প্রকৃতির রূপ দেখতে চাটমোহরে পর্যটকদের ঢল

প্রকৃতির এক অপরূপ তুলিতে সেজেছে পাবনার চাটমোহর উপজেলার ডিকশির বিল। বর্ষায় গোলাপি পদ্ম, সাদা-লাল শাপলা আর শালুকের সমারোহে চোখ জুড়ানো এক নয়নাভিরাম রূপ ধারণ করেছে বিশাল এই জলাভূমি। স্থানীয়দের কাছে ডিকশির বিল এখন পরিচিত ‘পদ্মবিল’ নামে। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত সৌন্দর্যপিপাসু মানুষ ভিড় জমাচ্ছেন বিলে। চলনবিল অধ্যুষিত এ জেলায় ডিকশির বিলের রূপ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। কখনো বিস্তীর্ণ জলাধার, কখনো হাজারো পাখির কলকাকলি, আবার শুকনো মৌসুমে ফসলের সমারোহ।

ফৈলজানা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম ঘিরে থাকা এই বিলে স্বাভাবিক বর্ষায় ১৫ থেকে ২৫ ফুট পানি থাকলেও, এ বছর পর্যাপ্ত পানি না আসায় পানির গভীরতা ৭ থেকে ১০ ফুট। তবে পানির পরিমাণ কিছুটা কম হলেও প্রকৃতির নিজস্ব নিয়মে বিলে ফোঁটা হাজারো পদ্ম ও শাপলা বিলে এনে দিয়েছে রাজকীয় সৌন্দর্য। দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা জানান, বিলের শান্ত পানিতে ভেসে থাকা ফুটন্ত পদ্ম আর শাপলার দৃশ্য তাদের মুগ্ধ করেছে। কুষ্টিয়া থেকে আসা কলেজ শিক্ষক শরিফ শাহরিয়ার বলেন, “বন্ধুদের মুখে শুনে পদ্মবিল দেখতে এসেছি। জল আর ফুলের এমন অপরূপ মেলবন্ধন দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল।” ছুটির দিন শুক্র ও শনিবারে পরিবার, বন্ধু-বান্ধব এমনকি বহু কনটেন্ট ক্রিয়েটর বা ব্লগারদের উপস্থিতিতে চাটমোহরের এই বিল মুখরিত হয়ে ওঠে।

তবে অপার সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রে পৌঁছানোর রাস্তাঘাট অত্যন্ত নাজুক। বিলের পাড়ে আসার সড়ক কাঁচা হওয়ায় বর্ষায় কাদা-পানি মাড়িয়ে আসতে গিয়ে পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, ডিকশির বিল পাড়ের মানুষ বছরের চার মাস মাছ ধরে আর বাকি সময় ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় এই বিলে নৌকা ভ্রমণের আনন্দই আলাদা।

পরিবেশবাদীদের মতে, বছরের অন্তত চার মাস এই বিলে বিপুল পর্যটনের সুযোগ তৈরি হয়। চাটমোহরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটকদের জন্য নিরাপদ ভ্রমণের সুযোগ নিশ্চিত করা গেলে ডিকশির বিল হতে পারে দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য