Homeবিশেষ প্রতিবেদনবাংলাদেশ-চীন পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটি আরও জোরদারে শিক্ষাকে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফররত মাহদী আমিন গুয়াংঝুতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এ সম্পর্কের সূচনা এবং পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তা আরও সুদৃঢ় হয়েছে। বর্তমান সরকারও চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনা। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তা বাধ্যতামূলক করার পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারে তরুণদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে মান্দারিনসহ তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষাব্যবস্থাকে আরও সার্বজনীন ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চীনের শীর্ষস্থানীয় পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি স্কলারশিপ, যৌথ গবেষণা প্রকল্প এবং আধুনিক ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

চীনের বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, দুই দেশের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ আরও বাড়াতে হবে। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এবং চীন-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় যৌথ আন্তর্জাতিক সেবা কেন্দ্র ‘চীন-বাংলাদেশ শিল্প ও শিক্ষা একীকরণ আন্তর্জাতিক সেবা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য