Homeবিজ্ঞান ও প্রযুক্তিডিএমে টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক

ডিএমে টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক

সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে এবার সরাসরি অর্থ লেনদেনের সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে টিকটক। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা অ্যাপের ডাইরেক্ট মেসেজের (ডিএম) মাধ্যমে একে অপরকে টাকা পাঠাতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে জানা গেছে, টিকটকের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে এ লেনদেনের সুযোগ দেওয়া হতে পারে। আইফোনের জন্য টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন ফিচারটির অস্তিত্বের তথ্য পাওয়া গেছে।

প্রস্তাবিত ব্যবস্থায় কোনো ব্যবহারকারী টাকা পাঠালে প্রাপক নির্দিষ্ট একটি বোতামে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। লেনদেনের সঙ্গে ছোট বার্তা যুক্ত করার সুবিধাও থাকতে পারে।

তবে টিকটক জানিয়েছে, ফিচারটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় প্রতিষ্ঠানটির পেমেন্ট ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। নতুন ফিচার চালু হলে একই প্ল্যাটফর্মে পণ্য কেনাকাটার পাশাপাশি ব্যবহারকারীদের মধ্যে সরাসরি অর্থ লেনদেনের সুযোগও তৈরি হবে।

আর্থিক সেবায় টিকটকের আগ্রহ অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনসংক্রান্ত সেবা দেওয়ার জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছিল কোম্পানিটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও টিকটক নিজেদের সেবার পরিধি বাড়াচ্ছে। উন্নত সার্চ সুবিধা, অনলাইন কেনাকাটা, স্থানীয় স্থান খোঁজার ম্যাপ, গেমিং ও হোটেল বুকিংয়ের মতো সেবার পর এবার আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে প্ল্যাটফর্মটি।

বিশ্লেষকদের মতে, নতুন অর্থ লেনদেন সুবিধা চালু হলে টিকটককে ভেনমো ও জেলের মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামতে দেখা যেতে পারে। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও আর্থিক সেবার দিকে এগোচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘এক্স মানি’ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

তবে টিকটকের নতুন অর্থ লেনদেন সুবিধাটি এখনো উন্নয়ন ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে এটি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী চালু হবে কি না, কিংবা কোন কোন দেশে প্রথমে এই সুবিধা দেওয়া হবে—তা এখনো নিশ্চিত নয়।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য