পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিন্টু (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।
রিন্টু ভাঙ্গুড়া পৌরশহরের ভদ্রপাড়া রেললাইনপাড়া এলাকার রব্বান আলীর ছেলে। রোববার বিকেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় প্রতিবেশী রিন্টু তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে একটি কক্ষে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটির মা মেয়েকে খুঁজতে অভিযুক্তের বাড়িতে গেলে রিন্টু সেখান থেকে পালিয়ে যান। পরে বিকেল ৪টার দিকে স্থানীয়রা তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ রয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিন্টু ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
তিনি আরও জানান, সোমবার রিন্টুকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।



