ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি “তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে ইরান দাবি করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন। একই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে অবস্থানকালে একটি অতিথিশালায় বিস্ফোরণে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। ওই ঘটনার জন্য ইরান ইসরাইলকে দায়ী করলেও, ইসরাইল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
হানিয়া নিহত হওয়ার সময় গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হামাসের পক্ষ থেকে বিভিন্ন কূটনৈতিক ও পরোক্ষ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
এদিকে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র হামাসকে কেন্দ্র করে একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং হামলার তীব্রতা বেড়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে।


