পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাওয়া জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিনের বিষয়ে তিনি অনুষ্ঠান চলাকালেই খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়। স্বরাষ্ট্রসচিব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
তিনি জানান, কয়েক দিন আগেই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীদের বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাছে যে তথ্য এসেছে, তাতে বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। ওই শর্ত অনুযায়ী তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
তিনি বলেন, “জামিনের শর্তগুলো কী, সেটির সার্টিফায়েড কপি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের নিয়োগ দেওয়া ল’ ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা আদালতে জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে।”
বাংলাদেশ সরকার পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বাতিল করা সম্ভব হবে।
তিনি বলেন, “আমরা ল’ ফার্ম নিয়োগ করেছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের আশা, জামিন বাতিল করতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও এগিয়ে নিতে পারব।”
উল্লেখ্য, দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। সরকার তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার লক্ষ্যে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াও অব্যাহত রেখেছে।


