Homeদৈনিক সংবাদজাতীয়চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের...

চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান

চলতি ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশ সফরের গভীর আগ্রহ প্রকাশ করেছেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (IDCPC) প্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এই ইচ্ছার কথা জানান।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কূটনৈতিক বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উক্ত জ্যেষ্ঠ নেতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও ঐতিহাসিক। তাঁর পিতা পূর্বে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছিলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে দীর্ঘ তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল এবং আগামী দিনেও বাংলাদেশের সার্বিক উন্নয়নযাত্রায় চীনের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। একই সাথে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল সফর বাস্তবায়নে রাষ্ট্রদূতের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মেয়াদের মধ্য দিয়েই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ স্তরে উন্নীত হয়েছে। একই সাথে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২ ডায়ালগ’ (2+2 Dialogue) চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ উষ্ণ অভিনন্দন জানান বিদায়ী রাষ্ট্রদূত। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতের পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য