সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বহিরাগত ব্যক্তি কিংবা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করানোকে সুস্পষ্ট ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই সরকারি চিঠিতে সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে।
আচরণ বিধিমালা লঙ্ঘন ও বিভাগীয় ব্যবস্থা
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু সরকারি কর্মচারী চাকরি সংক্রান্ত সুযোগ-সুবিধা, পদায়ন বা বদলির জন্য অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দপ্তরপ্রধানদের কাছে পাঠাচ্ছেন। এ জাতীয় সুপারিশ ও অনাকাক্সিক্ষত চাপ সৃষ্টি ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর ২০ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
একইসঙ্গে এটি ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(খ) ধারা অনুযায়ী গুরুতর ‘অসদাচরণ’ (Misconduct) হিসেবে গণ্য হবে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, কোনো কর্মচারী এমন অনাকাঙ্ক্ষিত তদবির করালে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা অনুযায়ী তাত্ক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং তদবিরের বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট কর্মচারীর সার্ভিস রেকর্ড ও ডোসিয়ারে (Dossier) স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।
দাপ্তরিক আবেদনের বিধান ও ১ মাসের আল্টিমেটাম
তবে নীতিগত সুবিধার অংশ হিসেবে চাকরি সংক্রান্ত বৈষম্য বা অসন্তোষ নিরসনে কর্মচারীদের নিজস্ব আবেদনের সুযোগ রাখা হয়েছে। পত্রে বলা হয়, যেকোনো কর্মচারী তাঁর নিজস্ব চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের (Through proper channel) মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন পেশ করতে পারবেন। এ ধরনের আবেদন পাওয়ার পর নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে তা পর্যালোচনা করে চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে আদেশের কপি পাঠিয়ে নিজ নিজ আওতাধীন দপ্তর ও সংস্থায় অবিলম্বে নির্দেশ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।



