বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারের শুরুতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার বিষয়ে দ্বিপক্ষীয় আশাবাদ পুনর্ব্যক্ত করা হয়। উচ্চপর্যায়ের এই কূটনৈতিক বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক এটাচে লিং শুয়ান উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম।



