Homeদৈনিক সংবাদআন্তর্জাতিকলিথুয়েনিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশ: ন্যাটোর ইতালীয় যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত

লিথুয়েনিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশ: ন্যাটোর ইতালীয় যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত

প্রতিবেশী বেলারুশ থেকে লিথুয়েনিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি অনির্ধারিত ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অনলাইন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন লিথুয়েনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস নাউ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পরপরই ড্রোনটি দক্ষিণ লিথুয়েনিয়ায় প্রবেশ করে। ঘটনার পরপরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার রাজধানী ভিলনিয়াস এবং সংলগ্ন অঞ্চলজুড়ে জরুরি ড্রোন সতর্কতা জারি করে দেশটির প্রশাসন।

লিথুয়েনিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনটির মূল উৎপত্তি কোথায় তা নিশ্চিত হতে কাজ চলছে। লিথুয়েনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আকাশসীমা লঙ্ঘনের পর তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর পাশাপাশি ন্যাটো এয়ার ডিফেন্স মিশনে নিয়োজিত ইতালীয় পাইলটরা দ্রুত বিমান নিয়ে আকাশে উড়াল দেন এবং ড্রোনটি ধ্বংস করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা লিখেছেন, “ন্যাটোর বিমান মহড়ার মাধ্যমে লিথুয়েনিয়ার আকাশে ঢুকে পড়া ড্রোনটি নিমিষেই ধ্বংস করা সম্ভব হয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ভয়াবহ আকার নেওয়ার প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।” রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ এবং রাশিয়ার এক্সক্লেভ কালিনিনগ্রাদের সীমান্তবর্তী হওয়ায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই লিথুয়েনিয়া সর্বোচ্চ সামরিক সতর্কতায় রয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বেলারুশ থেকে একটি অজ্ঞাত বস্তু লিথুয়েনিয়ার আকাশসীমা অতিক্রম করার খবর পাওয়া যায়। চলতি বছরের মে মাসেও অনুরূপ ড্রোন আতঙ্কে ভিলনিয়াসে বিমান ও ট্রেন যোগাযোগ সাময়িক স্থগিত রাখতে হয়েছিল। এছাড়া গত কয়েক মাসে প্রতিবেশী এস্তোনিয়া ও লাটভিয়ায় প্রবেশ করা পথভ্রষ্ট ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করতেও ন্যাটোর বিমান একাধিকবার মহড়া দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য