Homeদৈনিক সংবাদজাতীয়ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ও হয়রানি বন্ধে সেন্ট্রাল ডেটা যাচাই বাধ্যতামূলক: হাইকোর্ট

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ও হয়রানি বন্ধে সেন্ট্রাল ডেটা যাচাই বাধ্যতামূলক: হাইকোর্ট

দেশের নাগরিকদের ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও অনাকাঙ্ক্ষিত হয়রানি বন্ধে পুলিশ বাহিনীকে ‘সেন্ট্রাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম’ থেকে পরোয়ানার সত্যতা বাধ্যতামূলকভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে জরুরি ভিত্তিতে দিকনির্দেশনামূলক সার্কুলার ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুল নিষ্পত্তি করে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দেশের সব নিম্ন আদালতের বিচারকদের কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠানোর কথা বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, নিম্ন আদালতে যেকোনো নালিশি সিআর মামলা করার সময় জালিয়াতি ঠেকাতে বাদীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর সত্যায়িত কপি এবং নিযুক্ত আইনজীবীর পেশাগত পরিচিতি কার্ডের (প্রফেশনাল আইডি) কপি আবশ্যিকভাবে নথির সঙ্গে যুক্ত করতে হবে।

হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, “যে কোনো নাগরিককে গ্রেপ্তার করতে হলে ফৌজদারি কার্যবিধি মেনে চলতে হবে। ভুয়া পরোয়ানায় কারো গ্রেপ্তার হওয়া মানেই তার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়া। সাধারণ মানুষ যেন আদালতের মাধ্যমে অযথা হয়রানির শিকার না হয়, সেজন্য মামলা দায়ের ও পরোয়ানা জারির প্রাথমিক ধাপে কঠোর সতর্কতা অবলম্বন প্রয়োজন।”

আইনজীবী সূত্রে জানা যায়, ২০১২ সালে রাজধানীর গুলশানের বাসিন্দা আরিফ নিয়াজীকে তার বাসা থেকে একটি ভূয়া পরোয়ানা দেখিয়ে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে যে ওই মামলা ও ইস্যুকৃত পরোয়ানা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে প্রাথমিক রুল জারি করা হয়েছিল।

দীর্ঘ এক দশক পর সোমবার সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি হলো। শুনানিতে রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন অংশ নেন।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য