Homeদৈনিক সংবাদআন্তর্জাতিকমধ্যবর্তী নির্বাচনে ট্রান্সজেন্ডার অধিকার বিতর্ককে হাতিয়ার করছেন ট্রাম্প ও রিপাবলিকানরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রান্সজেন্ডার অধিকার বিতর্ককে হাতিয়ার করছেন ট্রাম্প ও রিপাবলিকানরা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অর্থনৈতিক চাপ এবং গাজা সংঘাতের রাজনৈতিক ধাক্কা সামাল দিতে ‘ট্রান্সজেন্ডারদের অধিকার বিতর্ক’-কে প্রধান নির্বাচনী হাতিয়ার হিসেবে সামনে এনেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি। দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ১ শতাংশের মতো ট্রান্সজেন্ডার হলেও, নারী ক্রীড়া প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণ এবং লিঙ্গ পরিবর্তন নীতিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ট্রাম্পকার্ড মনে করছে দলটি।

সংবাদ সংস্থা এএফপি জানায়, সম্প্রতি এক জনসভায় ট্রাম্প খোলাখুলিই স্বীকার করেছেন যে, ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণের বিরুদ্ধে বক্তব্য রাখা তাঁদের সর্বকালের অন্যতম সফল ও কার্যকর নির্বাচনী স্লোগান।

এর আগে কমলা হ্যারিসের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের তৈরি ‘কমলা তারা/তাদের জন্য, প্রেসিডেন্ট ট্রাম্প আপনার জন্য’ বিজ্ঞাপনী ক্যাম্পেইনটি নির্বাচনী সমীকরণ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এমনকি ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম স্বীকার করেছেন, এই বার্তাটি রিপাবলিকানদের জন্য রাজনৈতিকভাবে চরম বিধ্বংসী ও সফল ছিল।

সমকামীদের বিয়ের মতো সামাজিক অধিকার বিষয়ে অতীতে সফলতা পেলেও, ট্রান্সজেন্ডার ইস্যু নীতিতে ডেমোক্র্যাটরা সাধারণ আম-জনতার ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে ডেমোক্র্যাট প্রার্থীরা প্রকাশ্যে নিজেদের অবস্থান পাল্টাতে বাধ্য হচ্ছেন। ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের একাধিক শীর্ষ ডেমোক্র্যাট প্রার্থী এখন প্রকাশ্যেই স্বীকার করছেন যে, নিরাপত্তার স্বার্থে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সীমাবদ্ধতা থাকা প্রয়োজন।

পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৭৩ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান জন্মগত লিঙ্গের বাইরে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নারী দলে অংশ নেওয়াকে সমর্থন করেন না। একইসাথে ৬৬ শতাংশ আমেরিকান ক্রীড়াক্ষেত্রে কঠোর লিঙ্গভিত্তিক বিধিনিষেধ আরোপের পক্ষে মতামত দিয়েছেন।

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে ভোটারদের কেন্দ্রে টানতে ধনকুবের ইলন মাস্কের ফান্ডিংয়ে পরিচালিত ‘আমেরিকা পিএসি’ (America PAC) কৌশলগত অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাটদের এই বিতর্কিত অবস্থানের বিরুদ্ধে কোটি কোটি ডলারের প্রচার বিজ্ঞাপন চালানো শুরু করেছে। রিপাবলিকান নীতি নির্ধারকদের মতে, সাধারণ আমেরিকানদের সেন্টিমেন্ট পুরোপুরি রিপাবলিকানদের পক্ষে থাকায় প্রচারের শেষ মুহূর্তে এই সামাজিক বিতর্কটিকেই তাঁরা মূল অস্ত্র হিসেবে ধরে রাখছেন।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য