Homeদৈনিক সংবাদজাতীয়লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাঁচ মাসে হামের টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাঁচ মাসে হামের টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

দেশব্যাপী বিস্তৃত হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। জাতীয় লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ধরা হলেও গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে এই সুরক্ষা টিকা প্রদান করা হয়েছে। তবে দেশে হামের ঝুঁকি পুরোপুরি দূর না হওয়ায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও নতুন করে ব্যাপক পরিসরে টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, মার্চ মাসে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এপ্রিলের শুরু থেকে কয়েক দফায় ১৮ জেলার ৩০ উপজেলা, ৪টি সিটি কর্পোরেশন এবং পর্যায়ক্রমে সারাদেশে একযোগে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবচেয়ে বেশি টিকা প্রদান করা হয়েছে ঢাকা বিভাগে (৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন) ও চট্টগ্রাম বিভাগে (৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন)। এছাড়া রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার, সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার এবং বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশু টিকা পেয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যে সর্বোচ্চ ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। টিকা গ্রহণের সার্বিক হার ১০৯.৮ শতাংশে পৌঁছালেও কোনো শিশু যেন বাদ না পড়ে, সে উদ্দেশ্যে ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় বিশেষ তৎপরতা চালানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, শিশুদের টিকা দেওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হলেও নতুন ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়সহ দেশের শতভাগ শিশুকে এই মারাত্মক ছোঁয়াচে রোগের হাত থেকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করা।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য