Homeদৈনিক সংবাদজাতীয়২০০৯ থেকে ২০২৬: সরকারি লিগ্যাল এইডে ৪০৫ কোটি টাকার ওপর ক্ষতিপূরণ আদায়

২০০৯ থেকে ২০২৬: সরকারি লিগ্যাল এইডে ৪০৫ কোটি টাকার ওপর ক্ষতিপূরণ আদায়

কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল শ্রমিকদের অধিকার রক্ষায় বড় সাফল্য অর্জন করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ পর্যন্ত শ্রমিকদের অনুকূলে মোট ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়কালের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় বিচারপ্রার্থী ও অসচ্ছল নাগরিকদের এই সেবা নিরবচ্ছিন্নভাবে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় প্রি-লিটিগেশন ও পোস্ট-লিটিগেশন মামলার মধ্যস্থতার মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে মোট ৪০৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৯৪১ টাকা ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়েছে। এর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এককভাবে আদায় হয়েছে ৩৯৮ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫৭৫ টাকা।

একই সময়সীমায় সুপ্রিম কোর্ট, জেলা কার্যালয়, শ্রমিক সেল এবং টোল-ফ্রি জাতীয় হেল্পলাইনের মাধ্যমে সরকারি খরচে আইনি পরামর্শ ও সেবা নেওয়া মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জনে। প্রাথমিকভাবে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য চালু হওয়া এই সেবা পরবর্তীতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হয়।

বর্তমানে দেশে ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস এবং জাতীয় হেল্পলাইন নম্বর ‘১৬৬৯৯’ (টোল-ফ্রি)-এর মাধ্যমে বিচারপ্রার্থীরা সার্বক্ষণিক বিনামূল্যে আইনি পরামর্শ পাচ্ছেন। সরকারি অর্থায়নে অসচ্ছল ও প্রাধিকারপ্রাপ্ত নাগরিকদের জন্য এই লিগ্যাল এইড সেবা আইনি সুরক্ষা নিশ্চিত করতে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য