চলতি রোপা আমন মৌসুমে উৎপাদন খরচ কমাতে এবং কৃষকদের উৎসাহিত করতে নওগাঁ জেলার ১১টি উপজেলার ৩৫ হাজার প্রান্তিক চাষির মাঝে মোট ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ অর্থবছরে রোপা আমন চাষের জন্য এই প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি বীজ (মূল্য ৩৫০ টাকা), ১০ কেজি ডিএপি সার (মূল্য ১৯০ টাকা) এবং ১০ কেজি এমওপি সার (মূল্য ১৯০ টাকা) সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। সব মিলিয়ে জনপ্রতি ৭৩০ টাকা মূল্যের বীজ ও সার সহায়তা পেয়েছেন প্রতিটি প্রান্তিক কৃষক।
কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ১১টি উপজেলার মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ১০০ জন, রানীনগর উপজেলায় ৩ হাজার, আত্রাইয়ে ১ হাজার ৮০০, বদলগাছীতে ২ হাজার ৬০০ এবং মহাদেবপুর উপজেলায় ৫ হাজার কৃষক এই সহায়তা পেয়েছেন। এছাড়া পত্নীতলা উপজেলায় ৪ হাজার ১০০, ধামইরহাটে ৩ হাজার ৮০০, সাপাহারে ২ হাজার, পোরশায় ২ হাজার ৫০০, মান্দায় ৩ হাজার এবং নিয়ামতপুর উপজেলায় সর্বোচ্চ ৫ হাজার ১০০ জন চাষি প্রণোদনার আওতায় এসেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর হোসেন জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং প্রান্তিক চাষিদের কল্যাণে সর্বদা আন্তরিক। কম খরচে আমন ধান উৎপাদন করে কৃষকরা যেন আর্থিকভাবে লাভবান হতে পারেন, সে লক্ষ্যেই এই সরকারি প্রণোদনা মাঠপর্যায়ে কার্যকর করা হয়েছে। এই সহায়তা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৃষকদের উৎপাদনমুখী রাখতে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।



