রাশিয়ায় ইসলামের দীর্ঘ ১১০০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক অবদান তুলে ধরে মস্কো ক্যাথেড্রাল মসজিদে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী ‘ইসলামিক হেরিটেজ অব রাশিয়া: পিপল অ্যান্ড ট্র্যাডিশনস’। ধর্মীয়, কূটনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।
রাশিয়ায় মুসলমানদের দীর্ঘ ঐতিহাসিক উপস্থিতি এবং দেশটির বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয় গঠনে তাঁদের অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার মুসলিমদের ধর্মীয় বোর্ডের প্রধান শেখ রাভিল গাইনুতদিন, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, তাতারস্তান প্রজাতন্ত্রের কর্মকর্তারা এবং রাশিয়ার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলবে। এতে রাশিয়ায় কোরআন প্রচারের ইতিহাস, ইসলামি লেখার ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন, অলংকার ও কারুশিল্পের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের চারুকলা প্রদর্শন করা হয়েছে।
মুসলিম সংস্কৃতির বৈচিত্র্য
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রাভিল গাইনুতদিন বলেন, প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ভলগা অঞ্চল, ককেশাস ও সাইবেরিয়াসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।
তিনি বলেন, প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন নিদর্শনে রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের দীর্ঘ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটেছে।
তাতারস্তানের সংস্কৃতিমন্ত্রী ইরাদা আইউপোভা প্রদর্শনী আয়োজনের প্রশংসা করেন। মস্কোর জাতীয় নীতি ও আঞ্চলিক সম্পর্ক বিভাগের উপপ্রধান কনস্তানতিন ব্লাসেনভ রাজধানীর সাংস্কৃতিক পরিমণ্ডল গঠনে মুসলিম সম্প্রদায়ের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
একই সঙ্গে মস্কো সরকারের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
নবীজি (সা.)-এর জন্মবার্ষিকীর কর্মসূচির অংশ
প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আয়োজকদের মতে, রাশিয়ায় ইসলামের ১১০০ বছরের ইতিহাস কেবল ধর্মীয় চর্চার ইতিহাস নয়; দেশটির সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সঙ্গেও মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি গভীরভাবে যুক্ত। প্রদর্শনীর মাধ্যমে সেই দীর্ঘ ঐতিহ্য, সংস্কৃতি ও অবদানকে রাশিয়া ও আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।



