Homeবিশেষ প্রতিবেদনবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বুধবার দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভায় দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়কসহ সিনিয়র নেতারা অংশ নেন।

রিজভী জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি উপযুক্ত সময়ে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি।

দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। কর্মসূচি দুটির দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।

রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে সেগুলো চূড়ান্ত করে পরবর্তী সময়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন এবং ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করেছিলেন।

জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে রিজভী দাবি করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংকটময় সময়ে তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এরপর দেশে গণতন্ত্র, মানুষের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

রিজভী আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রের আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর রাজনৈতিক দর্শন ধারণ করেই দলটি দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য