Homeদৈনিক সংবাদজাতীয়শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পুনর্গঠনের কাজ শুরু

শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পুনর্গঠনের কাজ শুরু

সরকারের ঘোষিত নীতিমালার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও সার্বিক কর্মপদ্ধতিতে আমূল পরিবর্তন আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। রাজধানী ঢাকার নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লিনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এগিয়ে এলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক রূপান্তর সম্ভব হবে। ‘ভবিষ্যৎ-প্রস্তুত বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম): উদ্ভাবনভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড নির্মাণ’ শীর্ষক এই আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যকার নীতিগত ব্যবধান দূর করে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ইন্ডাস্ট্রি-ফিট সার্টিফিকেট ও গবেষণায় সিএসআর তহবিলের প্রস্তাব
শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের উপযুক্ত করতে ইন্টার্নশিপ ব্যবস্থার উন্নয়ন এবং ‘এসটিইএম ক্যারিয়ার গাইডেন্স’ চালুর তাগিদ দেন অধ্যাপক আমানুল্লাহ। বাজারের আধুনিক চাহিদার কথা বিবেচনায় রেখে ‘ইন্ডাস্ট্রি-ফিট সার্টিফিকেট’ চালুর পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিলের একটি অংশ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও দক্ষতা উন্নয়নে ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রতিবছর দেশে উৎপাদিত সাড়ে ৭ লাখ গ্র্যাজুয়েটের মধ্যে প্রায় ৫ লাখই আসে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। ফলে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে অধিভুক্ত কলেজগুলোতে আধুনিক ল্যাব ও কম্পিউটার সুবিধা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সরকারি ও ইউনিসেফের যৌথ জরিপের চূড়ান্ত সুপারিশ পাওয়া মাত্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া এসটিইএম (STEM) শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রণোদনা দেওয়ার কথা বলেন ভিসি।

মেলায় ১০টি উদ্ভাবন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই সেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ম তামিমসহ ইউনিসেফ, ইউএনডিপি ও গ্রামীণফোনের প্রতিনিধিরা অংশ নেন। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে শুরু হওয়া তিন দিনব্যাপী এই ইনোভেশন ফেয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ১০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করছেন। নভোথিয়েটারের ১১ থেকে ১৫ নম্বর স্টলে প্রদর্শিত এই মেলা চলবে ১৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য