নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ, উদ্ধার ও মানবিক সহায়তায় কাঠমান্ডুর পাশে থাকার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি প্রয়োজন হলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই সংকটময় সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসা এবং পরিস্থিতি থেকে দ্রুত পুনরুদ্ধার কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
নেপালের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুর প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে।



