নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এক প্রবাসীর বাসায় ঢুকে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তের আরও দুই সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন টিটু (৩১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন টিটু বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ বেগমগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর এবং সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় ভবনের সিঁড়ি থেকে সন্দেহভাজন অবস্থায় টিটুকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পরে পুলিশ টিটুকে সঙ্গে নিয়ে ভবনের একটি ফ্ল্যাটে গেলে ভুক্তভোগী নাঈমা আক্তার ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রায় এক ঘণ্টা আগে টিটুসহ তিনজন অস্ত্র নিয়ে তাদের বাসায় প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং বাসা থেকে নগদ ২৭ হাজার টাকা নিয়ে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে পৃথক তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


