Homeদৈনিক সংবাদজাতীয়মুক্তিযোদ্ধাদের মতো জুলাইযোদ্ধাদেরও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে: ভূমিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের মতো জুলাইযোদ্ধাদেরও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে: ভূমিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না এবং তাদের পরিবার ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার সংগ্রামের চেতনাকে ধারণ করে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে।

তিনি আরও জানান, শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে, যা জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ শাকিব আঞ্জুমের বাবা আবেগঘন কণ্ঠে তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে ভূমিমন্ত্রী জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

এদিকে সকাল থেকেই জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্মৃতিস্তম্ভ এলাকা ও নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments