ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পরিচালনা এবং সম্প্রচারস্বত্বে বেসরকারি বিনিয়োগের প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাতে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ক্রমবর্ধমান সমালোচনা ও অভ্যন্তরীণ অসন্তোষের মুখে জরুরি নির্বাহী কমিটির বৈঠক আহ্বান করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা সূত্রের বরাতে জানা গেছে, ইনফান্তিনোর প্রস্তাবের মূল লক্ষ্য ছিল বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়িয়ে সংস্থাটির রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। তবে সদস্য ফেডারেশন, ফুটবল প্রশাসক এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা এই পরিকল্পাকে ফুটবলের স্বাধীনতা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে।
বিশেষ করে টুর্নামেন্ট পরিচালনা ও সম্প্রচারস্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি উঠেছে। সমালোচকদের অভিযোগ, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই একতরফাভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিতর্কের জেরে ফিফার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও উপদেষ্টা ইতোমধ্যে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে, যা সংস্থাটির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করেছে।
পরিস্থিতি সামাল দিতে ডাকা বিশেষ নির্বাহী বৈঠকে বিতর্কিত প্রস্তাবটি বহাল রাখা, সংশোধন করা অথবা সম্পূর্ণ বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইনফান্তিনোর বর্তমান মেয়াদে এটি ফিফার অন্যতম বড় প্রশাসনিক ও রাজনৈতিক সংকট। সদস্য সংস্থা ও আঞ্চলিক কনফেডারেশনগুলোর আস্থা ধরে রাখতে হলে ফিফার বাণিজ্যিক পরিকল্পনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


