গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শেষ হলে রাজনৈতিক দল হিসেবেও তাদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ গণহত্যার সঙ্গে জড়িত কোনো শক্তিকে আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেবে না।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবেও আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু হবে।
‘জুলাই কোনো ব্যক্তি বা দলের একার অর্জন নয়’
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি দেশের কোটি মানুষের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আত্মদানের ফল। তাই জুলাইকে দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মূল আদর্শ ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা নয়, বরং আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নের প্রতিযোগিতা হওয়া উচিত।
‘ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল দীর্ঘদিনের’
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে গুম, খুন, হামলা, মামলা ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে যে ধারাবাহিক প্রতিরোধ গড়ে উঠেছিল, জুলাই ছিল তারই চূড়ান্ত পরিণতি।
তার ভাষায়, গণতান্ত্রিক আন্দোলনের সব শান্তিপূর্ণ পথ বন্ধ হয়ে গেলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের কারণেই আন্দোলন রক্তাক্ত হয়েছিল এবং নিরস্ত্র ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে।
সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি
জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
তিনি জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে। সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী এনে একটি দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে সরকারের।
গুম প্রতিরোধে আসছে নতুন আইন
সালাহউদ্দিন আহমদ বলেন, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া আইনে গুমের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
তিনি জানান, জনমত গ্রহণের জন্য আইনটির খসড়া ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং শিগগিরই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
‘জুলাইকে দলীয়করণ করা যাবে না’
বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে দলীয় রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার বানানো হলে এর মূল চেতনা ক্ষতিগ্রস্ত হবে।
তিনি সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে যেমন বিভাজন সৃষ্টি হয়েছিল, জুলাইয়ের ক্ষেত্রেও একই ভুল করা উচিত হবে না।
আহতদের পুনর্বাসনের আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনে আহত ও স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পৃথক শ্রেণিবিন্যাসের মাধ্যমে পুনর্বাসনের আহ্বান জানান। একই সঙ্গে এখনো তালিকাভুক্ত না হওয়া প্রকৃত আহত ও ক্ষতিগ্রস্তদেরও দ্রুত তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।
‘আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত’
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন এনে ব্যক্তি ছাড়াও কোনো সংগঠনের বিচার করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, তদন্ত শেষে আদালতই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিবর্তে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত বলে তিনি মত দেন।
বক্তব্যের শেষাংশে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। ভবিষ্যতে যেন কোনো সরকার স্বৈরাচারী পথে না হাঁটে, সে জন্য জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই রাষ্ট্রের প্রধান দায়িত্ব।


