হরমুজ প্রণালির আকাশে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ড্রোনটি কোন দেশের ছিল বা কোথা থেকে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আইআরজিসির একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয়।
ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য বা প্রমাণ প্রকাশ করা হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের পক্ষ থেকেও এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে স্বাধীনভাবে ইরানের এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, অতীতেও ইরান একাধিকবার মার্কিন সামরিক বাহিনীর এমকিউ-৯ রিপারসহ বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এ অঞ্চলে সামরিক উত্তেজনা প্রায়ই আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।


