চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও কৃষকদের তথ্য সংগ্রহ, নিবন্ধন প্রক্রিয়া এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ভুল, স্বচ্ছ ও যথাযথভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেন, যাতে প্রকৃত কৃষকরা সরকারি কৃষিসেবা, ভর্তুকি ও বিভিন্ন প্রণোদনার সুবিধা সহজে পেতে পারেন।
তিনি বলেন, কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি সহায়তা ও কৃষি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন আরও কার্যকর হবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, সিকু বড়ুয়া, ভুটান বড়ুয়া, তমিজ উদ্দিন এবং বিএনপি নেতা এস. এম. কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার কৃষকদের তথ্যভান্ডার হালনাগাদ করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও প্রণোদনা কর্মসূচি আরও পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


