নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ আটটি রাজনৈতিক দল এখনো নির্বাচন কমিশনে (ইসি) তাদের আর্থিক হিসাব জমা দেয়নি।
সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
হিসাব জমা না দেওয়া দলগুলো হলো— জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আম জনতার দল এবং জনতার দল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব গত ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় সময়সীমা বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সময়সীমা শেষ হওয়ার পরও এনসিপিসহ আটটি রাজনৈতিক দল কোনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। কমিশন বিষয়টি নির্বাচন আইন ও বিধি অনুযায়ী পরবর্তী সময়ে পর্যালোচনা করবে।


